রাজধানীর যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে জাহিদ হোসেন (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার আগে যাত্রী উঠানোর জন্য একটি বাস আরেকটির গা ঘেঁষে সামনে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় জাহিদ হোসেন একটি বাসে উঠার জন্য রাস্তায় অপেক্ষায় ছিলেন। আর তখনই ঘটনাটি ঘটে।
নিহতের বন্ধু আবুল বাশার বলেন, জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় সিএনজি চালাত। রবিবার সারারাত সিএনজি চালান। সকালে (সোমবার) ধোলাইপাড় এলাকায় জাহাঙ্গীরের গ্যারেজে সিএনজি অটোরিকশাটি জমা দিয়ে বাসায় যাওয়ার জন্য রাস্তায় বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এরপর ধোলাইপাড় নবীনগর নামক স্থান থেকে রামপুরার বাসার উদ্দেশে একটি বাসে উঠতে যান। দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই বাসের চালকদের বাড়াবাড়ির কারণেই জাহিদ নিহত হন।
যাত্রাবাড়ি থানার ওসি আনিসুর রহমান বলেন, দুটি বাসের চালক ও হেলপারদের গ্রেফতার করার চেষ্টা চলছে। নিহত জাহিদ হোসেনের গ্রামের বাড়ি নড়াইলের নরাগাতি থানার পহরডাঙ্গা। স্ত্রী সন্তান নিয়ে তিনি রামপুরা এলাকায় থাকতেন। তিনি দুই শিশু সন্তানের জনক ছিলেন। তার উপার্জনের টাকায় পরিবার চলত।
ইত্তেফাক/এমআই
