স্পোর্টস রিপোর্টার
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল ২২ এপ্রিল শুরু হবে ঢাকায়। প্রথম বারের মতো বঙ্গমাতার নামে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট। এই উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ টুর্নামেন্ট স্বত্ব ক্রয়কারী কে-স্পোর্টসের। দেশের নারী সমাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, নারীদেরকে কিভাবে জাগ্রত করা যায় তার জন্য কে-স্পোর্টস নানাভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। টুর্নামেন্ট উপলক্ষে একটি থিম ভিডিও প্রকাশ করেছে কে-স্পোর্টস। যেখানে উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে উঠে এসেছে নারী জাগ্রত করার প্রেরণা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের আলোকিত সবুজ মাঠে দাঁড়িয়ে বন্যা বলছিলেন ‘সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। এ অহংকার জাগ্রত জনতার, এ অহংকার জাগ্রত নারীর।’ এই শিল্পীর কথাগুলো দিয়ে শুরু থিম ভিডিওটি শেষ হয়েছে ‘যেখানে ইচ্ছাগুলো মেলবে ডানা, যেখানে এগিয়ে যাওয়ার নেই মানা’ কথা বলে। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ঘিরে বন্যা বলেছেন মেয়েদের জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। ধর্মীয়গোঁড়ামির কারণে মেয়েরা খেলতে পারে না। এটা একটা প্রতিবাদ, জেগে উঠার গল্প, প্রতিবাদের মঞ্চ তৈরি হয়েছে।’ দেশের নানা প্রান্তের নারীদের উদাহরণ দিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন,‘অদম্য মারিয়া, অপ্রতিরোধ্য সালমাদের বাধা দিয়ে রাখা যাবে না। নতুন প্রজন্মের কাছে বঙ্গমাতার আদর্শ ছড়িয়ে দিতে হবে।’
থিম ভিডিওটি বিভিন্ন টিভির পর্দায় দেখা যাবে বলে জানিয়েছেন কে-স্পোর্টসের ফাহাদ করিম। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার মাহবুব রশিদ, পরিচালক আশফাক আহমেদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির ভুঁইয়া, থিম ভিডিওর পরিচালক গাজী শুভ এবং বাফুফের কর্মকর্তারা। বাংলাদেশসহ ৬টি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ফাহাদ জানিয়েছেন বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে ৮০টি দেশেই খেলা দেখা যাবে।’
