ছোট উদ্যোক্তাদের ব্যাংক ঋণের তহবিল যাচ্ছে বড় উদ্যোক্তাদের কাছে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:০৩

বিসিআই’র সংবাদ সম্মেলন

ইত্তেফাক রিপোর্ট

ব্যাংকগুলোতে ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাসহ তরুণ উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ নেওয়ার জন্য তহবিল থাকলেও তা তারা পাচ্ছেন না বরং ওইসব স্বল্প ঋণের তহবিল বড় শিল্পোদ্যোক্তাদের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ফলে এসব  ছোট উদ্যেক্তার বাড়তি ব্যয়ে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। গতকাল সোমবার রাজধানীর কাওরানবাজারে একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন বিসিআই’র নতুন সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। সংবাদ সম্মেলনে তরুণ ক্ষুদ্র ও ছোট শিল্পোদ্যোক্তার পাশাপাশি তরুণ শিল্পোদ্যোক্তাদের জন্য সরকারের কাছে বিশেষ নীতি সহায়তা দাবি করে বিসিআই। এছাড়া নতুন করে গ্যাসের দর বৃদ্ধির উদ্যোগের সমালোচনা করে এর ফলে শিল্পোদ্যোগ ‘থমকে’ যাবে বলেও আশঙ্কার কথা জানানো হয়। এ সময় বিসিআই’র সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ ইত্তেফাককে বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের জন্য ছয় শতাংশ সুদে ঋণ দেওয়ার জন্য একটি নির্দিষ্ট তহবিল রাখার কথা ব্যাংকগুলোর। কিন্তু ছোট উদ্যোক্তারা ওই সুবিধা নিতে পারেন না, বরং তাদের ১৩ থেকে ১৪ শতাংশ সুদে ঋণ নিতে হয়। কিন্তু বড় শিল্পোদ্যোক্তারা স্বল্প সুদের এসব ঋণ পাচ্ছেন।  এ সময় গ্যসের দর বৃদ্ধির উদ্যোগে শিল্পোদ্যোগ হুমকিতে পড়বে জানিয়ে তিনি বলেন, বিদ্যমান গ্যাস বিদ্যুতের দরেই অনেক টেক্সটাইল ও গার্মেন্টস খাত টিকতে পারছে না। অন্যান্য দেশের চেয়েও গ্যাসের দর এখানে বেশি। নতুন করে দর বাড়লে অনেক ছোট-বড় স্থানীয় শিল্প বন্ধ হয়ে যেতে পারে। ফলে ফের আমাদের সুতা ও কাপড় আমদানির নির্ভরতা বাড়বে।

সংবাদ সম্মেলনে তরুণ উদ্যোক্তাদের জন্য বেজা, বিসিক ও অন্যান্য জায়গায় বিশেষ মূল্যে জমি বরাদ্দ রাখা এবং অর্থায়নের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানানো হয়েছে। এছাড়া বিনা জামানতে এবং সর্বনিম্ন সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা, ২০ কর্মদিবসের মধ্যে সব ধরনের ইউটিলিটি সংযোগ প্রদান করা, এসএমই ও তরুণ উদ্যোক্তাদের অন্তত পাঁচ বছর কর অবকাশ সুবিধা প্রদান করা এবং পরবর্তী সময়ে বিশেষ কর সুবিধা দেওয়া, প্রতিষ্ঠান আধুনিকায়ন ও দক্ষতা উন্নয়নে সব ধরনের বিনিয়োগ করমুক্ত রাখাসহ ১৩ ধরনের সুবিধা চাওয়া হয়েছে। এছাড়া এসএমই খাতের জন্য শুল্ক, ভ্যাট ও করহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানানো হয়।

এ ধরনের উদ্যোক্তাদের সহযোগিতা করতে বিসিআই’র বেশকিছু উদ্যোগ তুলে ধরেন সংগঠনের সভাপতি। এছাড়া শিগগিরই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসএমই ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে একটি জাতীয় সম্মেলন করার উদ্যোগের কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিসিআই’র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, হেলাল উদ্দিন, পরিচালক জিয়া হায়দার মিঠু এবং উপদেষ্টা মঞ্জুর আহমেদ উপস্থিত ছিলেন।