দীর্ঘদিন পর স্বপ্নপূরণ হচ্ছে জলঢাকার মানুষের

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ০১:১০

দেশ স্বাধীনের পর থেকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মানুষের চাওয়া ছিল একটি শহীদ মিনার ও একটি আধুনিক স্টেডিয়ামের। এ জন্য বিভিন্ন সময়ে মিটিং, মিছিল, স্মারকলিপিসহ মানববন্ধন করেছে জলঢাকাবাসী। দীর্ঘ সময় পর অবশেষে তাদের সে চাওয়া পূরণ হতে চলেছে। বর্তমানে ২৬ লাখ টাকা ব্যয়ে আধুনিক কেন্দ্রীয় শহীদ মিনার ও ৬৩ লাখ টাকা ব্যয়ে আধুনিক স্টেডিয়ামের কাজ দ্রুত গতিতে চলছে।

জলঢাকায় নির্মিতব্য কেন্দ্রীয় শহীদ মিনার ও স্টেডিয়াম গতকাল পরিদর্শন করেন জলঢাকার এমপি গোলাম মোস্তফা। পরিদর্শনকালে তিনি বলেন, জলঢাকাবাসীর এ স্বপ্ন বাস্তবায়নের এসব আন্দলনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তখন তিনি জলঢাকা ডিগ্রী কলেজের শিক্ষক।

গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে জনগণের ভোটে এমপি নির্বাচিত হন অধ্যাপক গোলাম মোস্তফা।

মঙ্গলবার জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধানকে সঙ্গে নিয়ে চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শণকালে এমপি বলেন, আধুনিক শহীদ মিনারের কাজ আগামী ১৬ই ডিসেম্বরের আগে শেষ করা হবে। জলঢাকার মানুষকে সঙ্গে নিয়ে আগামী বিজয় দিবসে এই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো ইনশাআল্লাহ।

ইত্তেফাক/নূহু