লোহাগড়ায় স্টোভ বিস্ফোরণে স্বামী-স্ত্রী ঝলসে গেছে

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১১:৫০
 
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে কেরোসিন তেলের স্টোভ বিস্ফোরণে ঝলসে গেছে স্বামী-স্ত্রী। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, গোপিনাথপুর গ্রামের ভাড়াটিয়া গ্রিজ ব্যবসায়ী জাকির খান (৩৫) গ্রিস তৈরির জন্য মঙ্গলবার রাতে কেরোসিনের স্টোভের মাধ্যমে কড়াইতে গ্রিজ জ্বালাচ্ছিলেন। গ্রিজ যানবাহনে ব্যবহার করা হয়। ওই সময় জাকির কেরোসিনের স্টোভে হাওয়া দিলে স্টোভে অতিরিক্ত বাতাস ঢোকায় স্টোভটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় আগুন ও গরম তেল ছড়িয়ে পড়লে জাকির ও তার স্ত্রী ইরানি বেগম (২৫) এর শরীর ঝলসে যায়।
 
তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে লোহাগড়াস্থ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ঝলসে যাওয়া ওই দুজনকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান