স্টাফ রিপোর্টার, দিনাজপুর
এক ছাত্রীকে ইভটিজিং করায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুটি হলের শিক্ষার্থীদের রবিবার সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মাহবুব হোসেনসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হন। ডরমেটরি-এক এর অধিভুক্ত শেখ রাসেল এক্সটেনশন হল ও শেখ রাসেল হলের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামাতে গেলে সহকারী প্রক্টর গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ছাত্রীকে ইভটিজিং করা নিয়ে ডরমেটরি-দুই (শহীদ জিয়াউর রহমান হল) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল সংলগ্ন বাঁশেরহাট বাজারে এসে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাটি হলের সিনিয়রদের মধ্যে চলে গেলে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে সহকারী প্রক্টর মাহবুব হোসেন সংঘর্ষকারীদের সরে যেতে বললে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় হামলায় মাহবুব হোসেনের ঠোঁটে এবং চোখে গুরুতর আঘাত লাগে। আহত হয় অন্তত ৩০ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিফ অফিসার ডা. মো. নজরুল ইসলাম জানান, ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে আহতদের ১৯ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। সহকারী প্রক্টরসহ বাকিরা এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিত্সাধীন।
এ ব্যাপারে প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে সংঘর্ষের সঠিক কারণ এখনো জানতে পারিনি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রকৃত কারণ জানার পরে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
