বাহুবলে পুলিশ-ডাকাত সংঘর্ষে নিহত ১

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৩:৩৭
 
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মদন মিয়া (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এতে দুই পুলিশ আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত মদন মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের রহমান মিয়ার ছেলে। জানা যায়, মদন মিয়ার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ সাতটি মামলার ওয়ারেন্ট রয়েছে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মিরপুর থেকে মদন মিয়াকে গ্রেফতার করা হয়। রাতে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার এবং অন্য ডাকাতদের ধরতে মদন মিয়াকে নিয়ে দাঁড়াগাও চা বাগানে যায় পুলিশ।
 
আরও জানা যায়, ওই সময় পাহাড় থেকে মদনের সহযোগীরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালায়। একপর্যায় মদন গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের এএসআই সুহেল ছাদ এবং কনস্টেবল ইমরান আহত হন। হবিগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান