টাকা নিয়ে স্বামীকে ছেড়ে না দেওয়ায় নারায়ণগঞ্জ কোর্টে ডিবি পুলিশের গাড়িতে ওড়না পেঁচিয়ে শিশু সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক জাল টাকা ব্যবসায়ীর স্ত্রী। এসময় উপস্থিত লোকজন ডিবির গাড়ি ঘিরে ফেললে বাধ্য হয়ে টাকা ফেরত দিয়ে আত্মগোপন করে ডিবির দুই উপ-পরিদর্শক। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আইনজীবী সমিতির সামনে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে বুধবার রাতে ইসহাক ও জসীম নামে দুই ব্যক্তিকে জাল টাকাসহ গ্রেফতার করে জেলা ডিবির উপ-পরিদর্শক আরসাদুজ্জামান ও মোল্লা টুটুল। এরপর গ্রেফতারকৃতদের ছেড়ে দিতে কয়েক লাখ টাকা দাবিতে রাতভর দেনদরবার শেষে গ্রেফতার ইসহাকের স্ত্রীর কাছ থেকে হাতিয়ে নেয় ৭০ হাজার টাকা; কিন্তু কথা মতো না ছেড়ে জাল টাকার মামলায় বৃহস্পতিবার দুপুরে ইসহাক ও জসিমকে আদালতে প্রেরণ করে ডিবি।
বিষয়টি জানতে পেরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এসে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোল্লা টুটুল ও আরসাদুজ্জামান শেখের উপর ক্ষুব্ধ হন ইসহাকের স্ত্রী বিউটি। তিনি ৭০ হাজার টাকা ফেরত চান। এনিয়ে ডিবির ওই দুই অফিসার ক্ষিপ্ত হলে শিশু সন্তানসহ ডিবির গাড়িতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিউটি। এসময় আদালতপাড়ায় উপস্থিত লোকজন ছুটে এসে ডিবির গাড়ি ঘিরে ফেলে। এতে বাধ্য হয়ে ৭০ হাজার টাকা ফেরত দেয় ডিবির উপ-পরিদর্শক মোল্লা টুটুল।
এব্যাপারে জানতে ডিবির উপ-পরিদর্শক মোল্লা টুটুলকে ফোন করলেও তিনি তা রিসিভ করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ইসহাকের স্ত্রী বিউটির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এধরনের কোনো ঘটনাই ঘটেনি। তারপরও তার অভিযোগ আরো তদন্ত করে দেখা হবে। আর পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআর
