বিশেষ প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের অত্যন্ত সম্মানের সাথে চিকিত্সা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। গতকাল বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ‘৩৭ তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের সংবর্ধনা ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ’ অনুষ্ঠানে এসব কথা বলেন।
নবনিযুক্ত চিকিত্সকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি চাকরি করবেন, কর্মস্থলে থাকতে হবে। কমপক্ষে দুই বছর গ্রামে থেকে মানুষের সেবা দিবেন। এর আগে কেউ কোনো বদলির তদবির নিয়ে আসবেন না।
এদিকে বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক পুড়িয়ে হত্যাচেষ্টায় দগ্ধ ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময়ে নুসরাতের খোঁজ-খবর রাখছেন। তিনি তাকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।’
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য রাখেন। স্বাস্থ্য ক্যাডারের নিয়োগপ্রাপ্ত ৩০৬ জন সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন রবিবার যোগদান করেন।
