কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার দরিদ্র কৃষক পরিবারের সন্তান জিন্নাত আলী। উনিশ বছরে পা দেয়া জিন্নাতের উচ্চতা ৭ ফুট ৮ ইঞ্চি। চিকিৎসকদের মতে জিন্নাতের বয়সী ছেলেরা সাধারণত ৫ থেকে সাড়ে ৫ ফুট লম্বা হয়। চিকিৎসকরা বলেছেন, এই রোগের নাম জাইগানটিজম। মাথায় টিউমারের কারণে শরীরের হরমোনের বিরূপ প্রভাব পড়ে। ফলে শরীর দ্রুত বাড়তে থাকে। এদেশে এই চিকিৎসা ব্যয়বহুল।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং রোহিঙ্গাদের রোগ প্রতিষেধক টিকা কার্যক্রমের সমন্বয়কারী ডা. মিসবাহ উদ্দিন আহমেদ জানান, জাইগানটিজম বা দৈত্যকার মূলত একটি টিউমার সংক্রান্ত রোগ। শরীরে অবস্থিত টিউমারের প্রভাবে অতিরিক্ত হরমোন নিঃসরণ হয়। এতে শরীর অস্বাভাবিক লম্বা হয়। স্তর ভেদে চিকিৎসার মাধ্যমে টিউমারটি সরিয়ে ফেললে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
জিন্নাত আলী জানান, অস্বাভাবিক উচ্চতার কারণে সবদিক দিয়ে অসুবিধা ভোগ করছেন তিনি। ঘরে ঢুকতে বা অন্যান্য কাজে সমস্যা হয়।
IMG0
মা শাহপুরা বেগম জানান, জিন্নাত আলীর মাথায় টিউমার, ডান পায়ে পচন ধরেছে। ডান পায়ের চেয়ে বাম পা দুই ইঞ্চি ছোট। টাকার অভাবে তার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।বাবা আমির হামজা বলেন, ছেলে এমনিতে লম্বা তা নয়। রোগের কারণে তার অস্বাভাবিকভাবে শারীর বেড়েছে।চিকিৎসার জন্য গত বছর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষার পর ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয় তাকে। কিন্তু টাকার অভাবে চিকিৎসার কিছুই করা হয়নি। ফিরে আসা হয় বাড়িতে। বর্তমানে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম বলেন, বিষয়টি এখন জানলাম। জিন্নাত আলীকে স্বাভাবিক জীবনে ফেরাতে সাধ্যমতো চেষ্টা করবো।
ইত্তেফাক/আরকেজি
