পুত্র সন্তানের আশায় তান্ত্রিকের পরামর্শে ভাতিজাকে খুন

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২০:৪১
ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলায় ফের কুসংস্কারের বলি হল চার বছরের এক শিশু। পুত্র সন্তানের আশায় তান্ত্রিকের পরামর্শে চার বছরের ভাতিজা অমিতকে খুন করে দেবেন্দ্র ওরফে কঞ্জর নামে এক যুবক।
 
গত ৬ অক্টোবর উত্তরপ্রদেশের মথুরা জেলার সুজাবলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দেবেন্দ্রকে গ্রেফতার করেছে। 
 
অমিতের বাবা তেজপাল  জানান, এ মাসের ৬ তারিখ বিকেলে বাড়ির সামনে খেলছিল তার ছেলে অমিত। এরপর হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। গ্রামবাসীরা তার খোঁজ শুরু করেন। সেই সময় দেবেন্দ্র বলে, সে অমিতের খোঁজ পেয়েছে। এতেই সবার সন্দেহ হয়। থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দেবেন্দ্রকে গ্রেফতার করে। 
 
পুলিশ সুপার আদিত্য কুমার শুক্ল জানান, জেরার মুখে দেবেন্দ্র স্বীকার করেছে, সে পুত্রসন্তান লাভের আশায় এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে। তান্ত্রিকের কথা শুনেই সে ভাতিজাকে খুন করে দেহটি একটি গর্তের মধ্যে ফেলে দেয়। পরে নিজেই অমিতের মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি