ইউনেসকোর নতুন প্রধান আজুলে

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২১:১৮
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকোর মহাপরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী উধায় আজুলে। পঞ্চম রাউন্ডে ভোটাভুটিতে আজুলে কাতারের কূটনীতিক হামাদ বিন আবদুলাজিজ আল-কাওয়ারিকে হারিয়ে ইউনেসকোর প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে যান বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।
 
এতে বলা হয়, ভোটের এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ১০ নভেম্বর ইউনেসকোর সাধারণ অধিবেশনে সংস্থাটির সদস্য ১৯৫টি দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে। অনুমোদনের পর সংস্থাটির বর্তমান প্রধান ইরিনা বোকোভার স্থলাভিষিক্ত হবেন উধায় আজুলে। বুলগেরিয়ান বোকোভা ২০০৯ সাল থেকে সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বোকোভা দায়িত্ব ছাড়ার আগে এসে বৃহস্পতিবার এক আকস্মিক ঘোষণায় ‘ইসরাইলবিরোধী অবস্থানের প্রতি পক্ষপাত’ দেখানোর অভিযোগ তুলে ইউনেসকো থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেয়। 
 
পরে এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গী হওয়ার ঘোষণা দেন। এই জটিল অবস্থার মধ্যে সংস্থাটির প্রধান হিসেবে যিনিই আসুক না কেন, তাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া গোলোযোগময় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এটি সংস্থাটির ভবিষ্যৎ তহবিল ও মিশনকেও প্রশ্নের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে। তবে আজুলে সাংবাদিকদের বলেন, “এই সংকটময় মুহূর্তে অন্য যে কোনো সময়ের চেয়ে ইউনেসকোর সংস্কার ও শক্তিশালী করতে আমাদের আরও বেশি সমর্থন প্রয়োজন, একে ছেড়ে যাওয়া নয়। “যদি আমার নিয়োগ চূড়ান্ত হয়... প্রথমেই এর (ইউনেসকোর) বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনব আমি। ইউনেসকোর দক্ষতা ও এর প্রতি সদস্য দেশগুলোর আস্থা ফিরিয়ে আনব, যাতে এটা কাজ করতে পারে।”
 
৪৫ বছর বয়সী আজুলে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সরকারে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফরাসি এই রাজনীতিক তার কর্মজীবনের বেশির ভাগ সময় সংস্কৃতি ও যোগাযোগ খাতে পূর্ণকালীন দায়িত্ব পালন করেছেন। ইউনেসকোর প্রধান হওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোরও ব্যাপক সমর্থন পেয়েছেন আজুলে। 
 
ইত্তেফাক/সাব্বির