বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২১:২৪
 
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা ও জেলা জজ আদালতের আইনজীবী শেখ নুর মোহম্মদকে (৫৬) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বত্তরা । শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় তার ওপর হামলা চালানো হয়।  
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) পাঠানো হয়েছে। শেখ নুর মোহম্মদ বাগেরহাট  সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। হামলার ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা আইনজীবী সমিতির বর্তমান কমিটিকে দায়ী করেছেন। তবে আইনজীবী সমিতি তার করা অভিযোগ অস্বীকার করেছে। শনিবার সকালে  জেলা আইনজীবী সমিতি ও আওয়ামী লীগের নেতারা হাসপাতালে আহত নুর মোহম্মদকে দেখতে যান।
 
শেখ নুর মোহম্মদ বলেন, শনিবার সকাল নয়টার দিকে সোনাতলার বাড়ি থেকে বের হয়ে পাশের একটি রেস্তোঁরায় নাস্তা খেতে রওনা হই। এসময় ৪/৫টি মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্ত এসে আমার পথরোধ করে লোহার হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। এক পর্যায়ে হাতুড়ির আঘাতে আমি রাস্তার উপর পড়ে যাই। পরে স্থানীয় লোকজন আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
 
তিনি আরও বলেন, প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। বর্তমান কমিটি এই ভবন নির্মাণে অনিয়ম দুর্নীতির আশ্রয় নেওয়ায় সম্প্রতি সমিতির দুই সদস্য আদালতে মামলা করেছেন। আমি ওই মামলাটি পরিচালনা করছি। মামলাটি পরিচালনা করায় বর্তমান কমিটি আমার উপর ক্ষুব্দ। তাই তারা ভাড়াটে লোকজন দিয়ে পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালিয়েছে।
 
অভিযোগ অস্বীকার করে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. এ কে আজাদ ফিরোজ টিপু বলেন, জেলা আইনজীবী সমিতির সদস্য শেখ নুর মোহম্মদের উপর হামলার খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে দেখতে যাই। আমরা তার উপর হামলাকারীদের অবিলম্বে আটকের দাবি জানাচ্ছি। তার উপর হামলার প্রতিবাদে সোমবার আইনজীবী সমিতি সভা আহ্বান করেছে। সেই সভা থেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
 
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আখতারুজ্জামান বাচ্চু বলেন, শেখ নুর মোহম্মদের উপর হামলাকারী যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, আইনজীবী নুর মোহম্মদের উপর কি কারণে কারা হামলা চালিয়েছে তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ওই আইনজীবীকে পুলিশের পক্ষ থেকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি