চাটখিলে হামলা চালিয়ে ২০ ঘর ভাংচুর , নারী নিহত

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২১:৪২
 
নোয়াখালীর চাটখিল উপজেলার আফসারখিল গ্রামে শনিবার সন্ধ্যায় হামলা চালিয়েছে ১৫/২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে।  হামলায় কোহিনুর বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন।
 
জানা গেছে, চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামবাসীর সাথে পাঁচগাঁও ইউনিয়নের আফসারখিল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এতে গত ২ বছরে ৩ থেকে ৪টি হামলার ঘটনা সংঘটিত হয়েছে। এরজেরে শুক্রবার রাতে দৌলতপুর গ্রামের মাইন উদ্দিনকে (২৪) মারধর করে আফসারখিল গ্রামবাসী। এ ঘটনায় রাতেই থানায়  মামলা হলে পুলিশ আসামিদের ঘর তল্লাশি করে কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযোগ রয়েছে পুলিশি অভিযানের সাথে দৌলতপুর গ্রামের কয়েকজন সন্ত্রাসীও রাতে বিভিন্ন বাড়িতে হানা দেয়। এ ঘটনার জের ধরে  শনিবার আসরের পর থেকে মাগরিবের নামাযের সময় পর্যন্ত দেড়শ থেকে দুইশ’ সন্ত্রাসী একত্রিত হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আফসারখিল গ্রামে হানা দিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট এবং গণহারে সবাইকে মারধর করে।
 
সন্ত্রাসীরা আফসারখিল গ্রামের দুলাল মিয়ার বাড়ি, চৌকিদার বাড়ি, ওয়ার্ড মেম্বার আশিকে এলাহী, মহিলা মেম্বার ফারজানা বেগমের বাড়ির ১৫/২০টি ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি ও লুটপাট করে। সন্ত্রাসীরা দুলাল মিয়ার বাড়ির নুর ইসলাম মিয়ার ঘরে প্রবেশ করে। ঘুমিয়ে  থাকা নুর ইসলামের স্ত্রী কোহিনুর বেগমকে খাট থেকে ফেলে দেয়। আহত হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।
 
নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, চাটখিল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) জহিরুল আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোহিনুর বেগমের লাশ থানায় নেয়া হয়েছে। ওসি তদন্ত আবুল খায়ের জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি