পদত্যাগ করলেন ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২৩:০৫

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির প্রধান ক্রিস্টজেন নিয়েলসেন পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় একথা জানিয়েছেন। এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ক্রিস্টজেনের স্থলাভিষিক্ত হচ্ছেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার কেভিন ম্যাকালিনান।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের ঠেকাতে ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ক্রিস্টজেন নিয়েলসেন। এরপরও ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক খুব বেশি ভালো ছিল না। ক্রিস্টজেনের এই পদত্যাগের মাধ্যমে ট্রাম্পের সঙ্গে তার খারাপ সম্পর্কের অবসান হলো। সবচেয়ে বিতর্কিত নীতির প্রতি পূর্ণ আনুগত্য এবং ব্যাপক চাপ নিয়ে দায়িত্ব পালন সত্ত্বেও তাঁর কর্মদক্ষতা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। টানা ১৮ মাস হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের দায়িত্ব পালন করেন ৪৬ বছর বয়সী নিয়েলসেন।

ক্রিস্টজেন পদত্যাগপত্রে কোনও কারণ উল্লেখ করেননি। তিনি কেবল বলেছেন, সরে যাওয়ার এটাই উপযুক্ত সময়। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম সেই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন নিরাপদ। হোমল্যান্ড সিকিউরিটিতে কাজ করা আমার জন্য অনন্য সম্মানের ছিল। -বিবিসি