প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার ৪ কর্মচারী আটক

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৫:২০
চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর মুন্সির চর গ্রামে মাদ্রাসার সাহায্য উঠাতে এসে এক শারীরিক প্রতিবন্ধী যুবতীকে (৩৩) ধর্ষণের চেষ্টা চালায় মাদ্রাসাটির চার কর্মচারী। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দিয়েছে।
 
জানা যায়, মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট গ্রামের জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার চার কর্মচারী মো. পান্নু খান (৪৫), হাফেজ মো. দেলোয়ার হোসেন (৫৫), মো. দবীর হোসেন (৪৫) ও মো. উজ্জল শেখ (৩০) মাদ্রাসার নামে সাহায্য তুলতে ঐ এলাকায় যায়। তারা আলাদাভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য তুলতে থাকে। মাদ্রাসার এই কর্মচারিদের মধ্যে রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা শেখ দলিল উদ্দিনের পুত্র মো. উজ্জল শেখ (৩০) সাহায্য তুলতে একটি বাড়িতে প্রবেশ করে এক শারীরিক প্রতিবন্ধী মেয়েকে পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। প্রতিবন্ধীর ঘরে ওই যুবককে ঢুকতে দেখে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়ার পাশাপাশি ঐ যুবকের সাথে আর কে-কে সাহায্য তুলতে এসেছে তাদেরকেও মুঠোফোনে খবর দিয়ে প্রতিবন্ধীর বাড়িতে নিয়ে আসে এবং তাদেরকেও আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযুক্তদের মধ্যে মো. দবীর হোসেন ও মো. উজ্জল শেখ আপন ভাই। প্রতিবন্ধীর কাছে জিজ্ঞাসা করলে সে শুধুমাত্র মো. উজ্জল শেখকে দেখিয়ে দেয় অন্যরা তার সাথে কোনো খারাপ কাজ করেনি বলে সে জানায়।
 
আসামিদের রবিবার সকালে কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানায় চরভদ্রাসন থানার এস আই স্বপন কুমার। এ ঘটনায় চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত বলেন, অভিযুক্ত আসামিদের ঘটনাস্থল থেকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।