এরশাদের সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবে পুত্র এরিক

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২৩:০৭

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের অবর্তমানে তাঁর সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবে পুত্র এরিক এরশাদ। যেহেতু এরিক বিশেষ ক্ষমতাসম্পন্ন, সেই কারণে এরশাদ তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে ট্রাস্ট গঠন করেছেন। ট্রাস্টের নিবন্ধনও করা হয়েছে। রবিবার ট্রাস্টিদের নিয়ে এরশাদ তাঁর বারিধারার বাসায় বৈঠক করেছেন।

ট্রাস্টের চেয়ারম্যান এরিকের বাবা এইচ এম এরশাদ। এছাড়াও ট্রাস্টি হিসেবে রয়েছেন এরিক, এরশাদের একান্ত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের চাচাতো ভাই মুকুল ও এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর। তবে স্ত্রী রওশন এরশাদ কিংবা সহোদর জি এম কাদেরসহ পরিবারের অন্য কাউকে ট্রাস্টি করেননি এরশাদ।

ট্রাস্টের বিষয়ে মেজর খালেদ গতকাল সোমবার ইত্তেফাককে জানান, ট্রাস্টের সম্পত্তির মধ্যে রয়েছে- বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের বর্তমানে বসবাস করা ফ্ল্যাট, গুলশানে ১টি ফ্ল্যাট, বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে থাকা পাঁচটি দোকান, আরেকটি মার্কেটে থাকা ১টি দোকান, রংপুরের কোল্ডস্টোরেজ ও রংপুরের বাড়ি ‘পল্লীনিবাস’। এছাড়াও এরিকের নামে ব্যাংকে থাকা ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিটও এই ট্রাস্টের অন্তর্ভুক্ত।

খালেদ জানান, যেহেতু এরিক একজন বিশেষায়িত ছেলে-সেই কারণে বাবার অবর্তমানে পুত্র এরিকের সম্পত্তি যেন বেহাত হতে না পারে এবং সেগুলো যেন সঠিকভাবে তদারকি হয়; মূলত সেই লক্ষ্যেই ট্রাস্ট গঠন করা হয়েছে। এরশাদ যতদিন জীবিত থাকবেন ততদিন তিনিই ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, রওশন কিংবা জি এম কাদেরসহ পরিবারের অন্য কাউকে কেন ট্রাস্টি করা হয়নি, সেটা একান্তই এরশাদের বিষয়।