না ঘুমিয়ে জেলে প্রথম রাত কাটালেন হানিপ্রীত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:১৭
 
জেলের প্রথম রাতে কিছুই খাননি হানিপ্রীত ইনসান। এমনকী, তিনি সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছেন। 
 
১০ দিন রিমান্ডে থাকার পর শুক্রবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় ধর্ষণ গুরমিত রাম রহিমের দত্তক কন্যাকে হানিপ্রীতকে। বর্তমানে হানিপ্রীতের ঠিকানা আম্বালা সেন্ট্রাল জেল। হানিপ্রীত ছাড়া তার সঙ্গী সুখদীপ কউরকেও সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। 
 
শুক্রবার কঠোর নিরাপত্তায় পাঁচকুলা থেকে আম্বালা জেলে নিয়ে যাওয়া হয় হানিপ্রীতকে। তার প্রতি বিশেষ নজর রাখার জন্য একজন মহিলা পুলিশ কর্মীকে সর্বক্ষণ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, জেলে পাঠানোর আগে হানিপ্রীতের মেডিকেল চেকআপ করানো হয়। 
IMG0
জেল সূত্রে খবর, হানিপ্রীতের শারীরিক পরীক্ষার জন্য গঠন করা হয়েছিল তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড। প্রায় দু’ঘণ্টা ধরে শারীরিক পরীক্ষা করা হয় তার। পরে ওই প্রতিনিধি দলের এক চিকিৎসক অর্পিতা গর্গ জানিয়েছেন, হানিপ্রীত সম্পূর্ণ সুস্থ রয়েছেন। 
 
গত ২৫ আগস্ট জোড়া ধর্ষণ ঘটনায় রাম রহিমের ২০ বছর কারাদণ্ড ঘোষণার দিন থেকেই ফেরার ছিলেন হানিপ্রীত। টানা ৩৮ দিন বেপাত্তা থাকার পর ৩ অক্টোবর পুলিশের জালে ধরা পড়েন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য এতো দিন পুলিশ হেফাজতে রাখা হয়েছিল হানিপ্রীত ইনসানকে।
 
ইত্তেফাক/ইউবি