জাবিতে প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থী আটক, ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২০:৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি (বদলি) পরীক্ষা দেওয়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিবুল হাসান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তিনি অপরাধ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
 
রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ রায় দেওয়া হয়। আটকৃত রাকিবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। 
 
জানা যায়, রবিবার সমাজ বিজ্ঞান অনুষদের (‘বি’ ইউনিট) প্রথম শিফটের পরীক্ষা চলাকালে প্রবেশ পত্রের ছবির সঙ্গে মিল না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে রাকিবুলকে আটক করা হয়। তিনি জয়নুল আবেদিন (রোল ২১৫৪১৯) নামে এক শিক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন। যার জন্য তার সাথে মোটা অঙ্কের টাকার চুক্তি হয় কামরুজ্জামান লিজু নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। আটককৃত রাকিবুল সাংবাদিকদের সামনে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা স্বীকার করেছেন। 
 
এ বিষয়ে রায় প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ বলেন, ১৮৬০ এর ১৮৮ ধারায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে নির্দেশনা ছিল তা সে অমান্য করেছে। এ জন্য তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর সঙ্গে অনেক বড় চক্র জড়িত। তার সাথে এই বিশ্ববিদ্যালয়ে আরও তিনজন এসেছে। তার ফেসবুক মেসেঞ্জার থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের অনেকে জড়িত। সেই তথ্যের ভিত্তিতে বাকি জড়িতদের আটকের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এমআই