ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-আনের সঙ্গে তুলনা করে পুলিশের হাতে আটক হয়েছেন কানপুরের একদল ব্যবসায়ী।
শহরের একটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কানপুর জুড়ে পোস্টার লাগানো হয়েছিল, কিম যেভাবে দুনিয়াকে ধ্বংস করতে চান, মোদিও না কি সেভাবেই ভারতে ব্যবসাপাতি ধ্বংস করে দিচ্ছেন।
পুলিশের হাতে আটক হওয়ার পর ওই ২২জন ব্যবসায়ী অবশ্য মুচলেকা দিয়েছেন প্রধানমন্ত্রীকে অপমান করার উদ্দেশ্য তাদের ছিল না।
সম্প্রতি চালু হওয়া জিএসটি কর ও গত বছরের নোট বাতিল নিয়ে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। ফলে উত্তরপ্রদেশের কানপুরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে উত্তর কোরিয়ার স্বৈর শাসক কিম জং-আনের তুলনা করে পোস্টার লাগান ব্যবসয়ীরা।
কানপুরের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার ভার্মা জানান, শহরের গোবিন্দনগর থানা এলাকায় এমন বেশ কিছু পোস্টার লাগানো হয়েছিল। যাতে পাশাপাশি ছিল কিম জং-আন আর নরেন্দ্র মোদির ছবি। একজনের ছবির নিচে লেখা- ‘দুনিয়াকে বরবাদ করেই আমি থামব- আর নরেন্দ্র মোদির ছবির নিচে লেখা ব্যবসাপাতিকে বরবাদ না-করে আমি থামব না।’
পোস্টার তৈরির অভিযোগে ২২ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মুচলেকা দিয়ে তারা আপাতত জামিন পেয়েছেন।
ইত্তেফাক/ইউবি
