ময়মনসিংহের ফুলপুরে আমন ক্ষেতে পাতা মরা রোগের কারণ খুঁজতে ও কৃষকদের পরামর্শ দিতে মাঠ পরিদর্শন করেছেন উদ্ভিদ ও রোগতত্ত্ব বিভাগের কৃষি বিজ্ঞানী। রবিবার সকালে ওই বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর ফুলপুরে পৌঁছেন। পরে তিনি স্থানীয় কৃষি অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ফুলপুর, পয়ারি, আমুয়াকান্দা, বাহাদুরপুর, পূর্বচিলাগাই এবং পৗরশহরের কিছু এলাকাসহ পাতা মরা রোগে আক্রান্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনাও দেন। এ রোগে ফলন বিপর্যয়ের তেমন একটা সম্ভাবনা নেই বলেও জানান। বড়জোড় ১০-১৫% ফলন কম হতে পারে বলে তিনি জানান। এতে কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছইু নেই।
বৈজ্ঞানিক মোহাম্মদ আবুল মনসুর বলেন, ব্যাকটেরিয়াজনিত কারণে পাতা মরা রোগের এখন পর্যন্ত কার্যকরী কোন বালাইনাশক নেই। অতিবৃষ্টিই পাতা মরা রোগের অন্যতম কারণ। তাছাড়া ফলন বিপর্যয় এড়াতে কৃষকদের কিছু পরামর্শও দেয়া হয়েছে। ৬০ গ্রাম পটাশ ও ৬০ গ্রাম সালফার ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতাংশ জমিতে স্প্রে করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, রবিবার দৈনিক ইত্তেফাকে আমন ক্ষেতে পাতা মরা রোগ, দিশেহারা কৃষক ও শুক্রবার ইত্তেফাক অনলাইনে একই শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। যা কর্তৃপক্ষের নজরে আসে।
ইত্তেফাক/নূহু
