বিনোদন ডেস্ক
যৌন হেনস্তা এখন বলিউড ও হলিউডসহ বিশ্বের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। তবে এর সূত্রপাত ছিল হলিউডের আয়োজিত বিভিন্ন চলচ্চিত্র উত্সবকে কেন্দ্র করে। হলিউডে বিভিন্ন বিখ্যাত নারী তারকারা এই ইস্যু নিয়ে মুখ খোলেন এবং প্রতিবাদ জানান। সেই আলোচনা থেকে কয়েকমাস আগে বলিউডেও এ নিয়ে চলে তোলপাড়। এখন পর্যন্ত বলিউড পাড়ায় যৌন হেনস্তার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এমন সময় লন্ডনের একটি চলচ্চিত্র উত্সবে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি আবারো এ নিয়ে কথা বলেন। তিনি দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে কাজ করছেন। তিনি এই উত্সবে এসে বলেন, ‘যৌন হেনস্তা এখন আন্তর্জাতিক সমস্যা। বিষয়টি নিয়ে সব দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সোচ্চার হওয়া উচিত। বিভিন্ন ধরনের আইনের মাধ্যমে এ নিয়ে কাজ করা যেতে পারে।’
অন্যদিকে, বিবিসি রেডিও ফোরের অতিথি সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন অস্কারজয়ী এই তারকা। বড়দিন উপলক্ষে শুরু হচ্ছে বিবিসি রেডিওর উত্সবসূচি। এরই অংশ হিসেবে জোলিকে বসানো হচ্ছে সম্পাদকের চেয়ারে। রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানটি সম্পাদনা করবেন ৪৩ বছর বয়সী এই তারকা।
আগামী ২৮ ডিসেম্বর থেকে নতুন কাজে যোগ দেবেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার বিশেষ দূত জোলি। এতে শরণার্থী ও বিভিন্ন সংঘাতে বেঁচে থাকা মানুষজনকে আমন্ত্রণ জানাবেন তিনি।
