বঙ্গবন্ধু সেতুর ওজন পরিমাপ যন্ত্র বিকল, যানজটে দুর্ভোগ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৪:২৫
 
দেশের বৃহত্তম বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশের ওজন পরিমাপ যন্ত্র বিকল হয়ে পড়ায় সোমবার ভোররাত থেকে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। এতে শতশত ট্রাক আটকা পড়ে আছে। এদিকে ভোর রাত থেকে দুপুর পর্যন্ত সেতু পূর্ব এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত সেতু থেকে কালিহাতী উপজেলার সড়াতৈল এলাকা পর্যন্ত প্রায় আট কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যানবাহনের চালক ও যাত্রীরা। শতশত ট্রাক আটকা পড়ে যানচলাচলে ধীরগতি হওয়ায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন সেতু পার হলেও পূর্ব পাড়ের গোলচত্তর এলাকায় আটকে আছে।
 
 
 
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামাল হোসেন জানান,  সেতুর পূর্ব টোল প্লাজার তিনটি ওজন স্টেশনের মধ্যে একটি পুরোপুরি বিকল হয়ে পড়েছে। বাকি দু’টিও মাঝে মাঝে বিকল হয়ে পড়ে। এ কারণে সেতুর পূর্বপাড়ের ওজন স্টেশন এলাকায় শতশত ট্রাক আটকা পড়ে গেছে। ট্রাকের লাইন দীর্ঘ হওয়ায় সেতুর পূর্ব এলাকা থেকে কালিহাতী উপজেলার সড়াতৈল পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ভাবে চেষ্টা করা হচ্ছে যানজট নিরসনে।
 
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী জানান, ওজন স্টেশনের যন্ত্রপাতি ঠিক আছে। তবে গাড়ীর চাপ বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
 
ইত্তেফাক/এমআর