নারায়ণগঞ্জে একটি ধর্ষণ মামলার রায়ে ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত ধর্ষকের নাম সোহেল মিয়া (২৪)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বরাব বাজার বড়িবাড়ি গ্রামের আমান উল্লাহর ছেলে। সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমজাদ হোসেন এ রায় ঘোষণা করেন।
রায়ে বিচারক উল্লেখ্য করেন, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশু তার মায়ের (ধর্ষিতার) তত্বাবধানে থাকবে। শিশুটি তার বাবা (ধর্ষণকারী) ও মায়ের (ধর্ষিতার) পরিচয়ে পরিচিত হবে। ২১ বছর পর্যন্ত শিশুটির ভরণপোষণের অর্থ সরকার ধর্ষকের বিদ্যমান সম্পদ থেকে আদায় করবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা এবং অবগতির জন্য নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর রাকিব উদ্দিন আহমেদ বলেন, আদালত রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধনী-০৩) এর ৯(১) ধারায় অভিযুক্ত করে ধর্ষক সোহেল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে সোহেল মিয়াকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ১৩ ধারায় সোহেল মিয়াকে ধর্ষিতার গর্ভজাত সন্তানের জন্মদাতা পিতা হিসেবে সাব্যস্ত করেন।
ইত্তেফাক/আরকেজি
