নাজিরপুরের গ্রামের একটি বিদ্যালয়ে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থী প্রায় সকলেই ছাত্রী।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার ঢালী জানান, শিক্ষার্থীরা খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কারণে গণহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়েছে। এ রোগ একজনের হলে তা অন্যদের মধ্যে সংক্রমিত হয়। কৃমিনাশক ওষুধের কারণে এ সমস্যা হয়নি এবং আতঙ্কের কিছু নেই। আক্রান্তরা সবাই শঙ্কামুক্ত।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলী আশ্রাফ জানান, স্থানীয় স্বাস্থ্য কর্মী মৃনাল হালদার শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ান। এর আধা ঘণ্টা পরই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। প্রথমে ষষ্ঠ শ্রেণির ছাত্রী লক্ষ্মী রানী শিকদার এবং ক্রমে একই স্কুলের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে তাদেরকেও হাসপাতালে আনা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির অসুস্থ ওই শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান এবং তাদের চিকিত্সার খোঁজখবর নেন। পিরোজপুর সিভিল সার্জন ডা. ফারুক আলম জানান, এটি কৃমির ওষুধ খাওয়ার জন্য কোনো সমস্যা নয়। বিষয়টি ‘মাস সাইকোজেনিক ইলনেস’ (গণ মনস্ততাত্ত্বিক রোগ) জনিত ঘটনা। একজন অসুস্থ হয়ে পড়ায় তা অন্যরা দেখে ভয়ে অসুস্থ হয়ে পড়েছে। এ জাতীয় সমস্যা একটু কাউন্সিলিং করলেই ঠিক হয়ে যাবে।
