বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে বিদেশে গমন ও দেশে ফিরে আসতে কোনো বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন শুনানি করেন।
সগীর হোসেন লিয়ন জানান, গত মার্চে বিদেশ যেতে আব্বাস দম্পতিকে বাধা দেওয়া হয়। তখন রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বাধা না দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করে। এখন তারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন; কিন্তু আশঙ্কা করছেন বিদেশ যেতে বাধা দেওয়া হতে পারে।
