ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ রক্ষায় অব্যাহত অভিযানে মঙ্গলবার ভোরে ১৩ জেলেকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় জেলেদের নিকট হতে দুই হাজার পাঁচশ' মিটার কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
জানা যায়, প্রতিদিনের ন্যায় অবৈধ মৎস্য শিকারি ধরতে ওইদিন ভোরে উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হেসেনের নেতৃত্বে সহকারী মৎস্য অফিসার এম.এম.আজম আলী ও চরভদ্রাসন থানার এ.এস.আই মো. জুয়েল মিয়াকে সাথে নিয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে পদ্মার বিভিন্ন স্থান হতে ১৩ জেলেকে আটক করা হয়। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হেসেন।
আটককৃত জেলেরা হলেন, চরভদ্রাসনের রিপন মোল্যা, সৈয়দ শাহীন, সদরপুর উপজেলার বতু জং, আলম শেখ, সাঈদ হাওলাদার, শফিকুল ইসলাম, মামুন শেখ, রাসেল বাছার, ফারুক চোকদার, রুহুল আমীন বেপারী, আব্দুল জলিল শিকদার, ঢাকার দোহারের আনোয়ার হোসেন ও লুৎফর মোল্যা। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণের পাশাপাশি কারেন্ট জাল উপজেলার গোপালপুর ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইত্তেফাক/জামান
