ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করায় সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়েছে।
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাদী হয়ে শনিবার রাতে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। রোববার সকালে অভিযোগটি পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর পর সেখান থেকে যাচাই বাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় নির্দেশ পাওয়ার পর সদর থানার ওসি মামলাটি রেকর্ড করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হুদা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বেশ কয়েকদিন ধরে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করেছেন। শুধু প্রধানমন্ত্রী নন বাংলাদেশ আওয়ামী লীগ নিয়েও তিনি গালিগালাজ করেন।
মোদাচ্ছেরুল হক হুদা বলেন, আমি অনেক সময় কলেজে ক্লাস নেয়ার সময় মোবাইল ফোনটি অফিস রুমে রেখে যাই। এ সময় কেউ আমার মোবাইল ফোন থেকে শেয়ার করেছে কিনা তা আমি বলতে পারবো না।সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, বিএনপি নেতা হুদাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
