নবীনগরে আইনশৃঙ্খলা কমিটি থেকে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ০১:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির পদ থেকে তিনমাসের জন্য বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

নির্বাচনপূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নে কয়েকমাস ধরে চলা বিরোধ নিষ্পত্তির জন্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটি এক বিশেষ সভার আয়োজন করেন। সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত হলেও বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ যোগ দেননি। বিরোধ নিষ্পত্তিতে অসহযোগিতার অভিযোগে কবির আহমেদকে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়। বীরগাঁও ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য মূল হোতা হিসেবে তাকে চিহ্নিত করা হয়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ ফয়েজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, নবীনগর পৌরসভার মেয়র  মো. মাঈন উদ্দিন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার প্রমুখ।

ইত্তেফাক/নূহু