প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কলেজ ছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার হোতা ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে মোহনগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে আহত কলেজ ছাত্রীর পিতা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বাদী হয়ে ইমনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে ইমনকে আদালতে পাঠিয়েছে।
এদিকে ঘটনার হোতা ইমনের ফাঁসির দাবিতে গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পারভীন সিরাজ মহিলা কলেজ আয়োজিত এ মানববন্ধনে কেন্দুয়া ডিগ্রি কলেজ, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ আতিকুর রহমান ভূইয়া একাডেমি, সায়মা শাহজাহান একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূইয়া প্রমুখ।
মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) শিরিন সুলতানার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানিয়েছে তার পরিবারের লোকজন।
ইত্তেফাক/নূহু
