দুর্যোগপূর্ণ আবহাওয়া, পদ্মায় প্রবল স্রোত, যানবাহনের চাপ বাড়ায় শুক্রবার পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে । এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে ৬ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এতে যানবাহন শ্রমিক ও যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। নদীতে উত্তাল ঢেউয়ের কারণে যানবাহনের তুলনায় ফেরির ট্রিপ সংখ্যা কম হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন । যানজটে ভোগান্তি পোহাচ্ছে অসংখ্য যাত্রী। বিশেষ করে নারী ও শিশুদের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আব্দুস ছাত্তার জানান, নিন্মচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পদ্মায় উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এতে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। তিনটি ফেরি মেরামতে থাকায় ফেরি স্বল্পতাও দেখা দিয়েছে।
স্বল্প সংখ্যক ফেরি দিয়ে যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে এ রুটে ১৬টি ফেরির মধ্য ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। স্রোতের বিপরীতে চলতে গিয়ে দীর্ঘদিনের পুরানো ফেরিগুলো প্রায়ই বিকল হচ্ছে। পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যানবাহনের সংখ্যা ক্রমাগত বাড়চ্ছে। অপেক্ষামান যানবাহনের সারি ফেরি টার্মিনাল ছাড়িয়ে মহাসড়কের ২ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে।
বিআইডব্লিউটিসির এজিএম জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার ও শুক্রবার এমনিতেই যানবাহনের চাপ বাড়ে। পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ ছয় শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এদিকে অপেক্ষমান যানবাহনের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসের তথ্য অনুযায়ী শনিবারও নিম্মচাপ অব্যাহত থাকার কথা বলা হয়েছে। ফলে ঘাট পারাপারের দুশ্চিন্তায় পড়েছে যাত্রীরা।
ইত্তেফাক/আরকেজি
