বঙ্গোপসাগরে হঠাৎ সৃষ্ট নিম্নচাপের ফলে দমকা হওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টিতে কুষ্টিয়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এ বৃষ্টিতে সকাল থেকে শহরের অধিকাংশ রাস্তা রয়েছে ফাঁকা, বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। যানবাহন চলাচলও কম। বৃষ্টির কারণে কর্মব্যস্ত মানুষ ঘর থেকে বের হতে পাড়ছে না। শহরের রাস্তার পাশে, নিচু জায়গায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির মধ্যেও নিম্ন আয়ের মানুষ, রিকশাচালক, ইজিবাইক, ফেরিওয়ালারা ভিজে ভিজে দৈনন্দিন উপার্জনে কাজ করছে। শুক্রবার ভোর ছয়টা থেকে শনিবার সকাল নয়টা পর্যন্ত ১৬৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কুষ্টিয়া আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস আরো জানিয়েছে দিনভর থেমে থেমে আরও বৃষ্টিপাতসহ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কুষ্টিয়া আজ সকাল ১০ পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। এ অবস্থা আরো ক’দিন চলতে পারে বলে জানা গেছে।
ইত্তেফাক/এএম।
