কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত দুদিনের অবিরাম বৃষ্টি ও দমকা বাতাসে আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে প্রত্যেকটি ক্ষেতে আমন ধানের শীষ বের হচ্ছে। শীষ আসার কারণে আগার দিক ভারী হওয়ায় বৃষ্টি ও বাতাসে শত শত বিঘা জমির আমন ক্ষেত মাটিতে পড়ে গেছে। এ অবস্থায় ক্ষেত গুলোতে পানি জমে থাকায় পড়ে যাওয়া ধান গাছ পচে নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে।
এছাড়াও রবি মৌসুমের শুরুতে টানা বৃষ্টি ও বাতাস হওয়ায় শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ফুলকপি,বাঁধাকপি, টমেটো,বেগুনসহ বিভিন্ন রকম সবজির ক্ষেত মাটিতে নুয়ে পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, গত দুদিনের বৃষ্টি ও দমকা বাতাসে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক বিঘা জমির আমন ক্ষেত মাটিতে পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধ শতাধিক বিঘা জমির বিভিন্ন প্রকার সবজি ক্ষেত।
এ প্রসঙ্গে উপজেলার কৃষি অফিসার মাহবুবুর রশিদ জানান, বৃষ্টি ও বাতাস কমে গেলে সবজির ক্ষেত গুলো সেরে উঠবে। তবে যেসব আমন ক্ষেতের দানা হয়েছে সেগুলোর চেয়ে কেবল শীষ এসেছে এমন ক্ষেত গুলোর ক্ষতির সম্ভাবনা বেশি।
ইত্তেফাক/এমআর
