সুজানগর পৌর শহরে তিনশ' পরিবার পানিবন্দী

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৫:৪৭
 
গত তিনদিনের প্রবল বর্ষণে পাবনার সুজানগর পৌর শহরের প্রায় তিনশ' পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে ভুক্তভোগী ওই সব পরিবারকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
সরেজমিন খোঁজ খোঁজ নিয়ে দেখা যায়, টানা বর্ষণে পৌর সভার ৩ নম্বর, ৬ নম্বর এবং ৭ নম্বর ওয়ার্ড এলাকার নিম্নাঞ্চলের অধিকাংশ বাড়ি-ঘরে পানি উঠে পড়েছে। এদের মধ্যে কিছু কিছু পরিবারের চুলা, ল্যাট্রিন এবং টিউবওয়েল পর্যন্ত পানিতে প্লাবিত হয়ে গেছে। এ সব পরিবার দৈনন্দিন কাজকর্মে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। কোথাও কোথাও আবার ডুবে গেছে ওই সকল বাড়িতে যাতায়াতের রাস্তা। এ সব বাড়ির লোকজনকে পানি ভেঙে যাতায়াত করতে হচ্ছে।
 
ভুক্তভোগী পৌরবাসী জানান, পৌরসভার অধিকাংশ এলাকায় প্রতিনিয়ত গড়ে উঠছে অপরিকল্পিত বাড়ি-ঘর ও দোকানপাট। এসব বাড়ি-ঘর ও দোকানপাটের কারণে বন্ধ হয়ে গেছে অধিকাংশ পানি নিষ্কাশন ড্রেন। কোথাও কোথাও আবার ড্রেনেজ ব্যবস্থায়ও রয়েছে যথেষ্ট ত্র“টি। তাছাড়া পৌরসভায় প্রয়োজনীয় পানি নিষ্কাশন ড্রেনেজও নেই। ফলে একটু বৃষ্টি হলেই প্রচণ্ড জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ওই সকল পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এ সময় পানিবন্দী পরিবারের শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
 
পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকবুল হোসেন জানান, গত তিনদিনের বৃষ্টিতে আমার বাসার ভিতরে হাঁটু পানি জমে গেছে। গত ২/৩দিন বাসা থেকে হাঁটু পানি ভেঙ্গে হাট-বাজারে যাতায়াত করছি। আর চুলা তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে গ্যাসের চুলায় রান্না করতে হচ্ছে। ভুক্তভোগী পৌরবাসী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌর মেয়রে হস্তক্ষেপ কামনা করছে।
 
ইত্তেফাক/জামান