হাকিমপুরে ৪০ লাখ টাকার যৌন উত্তেজক ওষুধসহ মালামাল জব্দ

আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৬:১৯
 
দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতকুড়ি থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে চোরাচালান বিরোধী অভিযানে এগুলি জব্দ করা হয়।
 
বিজিবির মংলা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার মংলা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে যায়। এ সময় খবর আসে সাতকুড়ি রেলগেট থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল পাচার করা হচ্ছে। তখন বিজিবি সদস্যরা সেখানে গেলে চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে মালামালগুলি ফেলে পালিয়ে যায়।
 
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ৩৬ হাজার ৪’শ পিস সেনেগ্রা, ৩০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের কসমেটিকস সামগ্রী।
 
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। জব্দকৃত মালামালের মূল্য ৪০ লাখ ৪০ হাজার ৫০ টাকা।
 
ইত্তেফাক/এমআর