শাহজালাল বিমানবন্দরে ৩৪৮ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৫:৫৫
শাহজালাল বিমানবন্দরে কুয়ালালামপুর ফেরত এক যুবকের কাছ থেকে ৩৪৮ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। আজ রবিবার সকালে শুল্ক গোয়েন্দা বিভাগ ওই যাত্রীকে আটক করে। তার কাছে লুকানো অবস্থায় ৯টি স্বর্ণের বার ছিল। যার ওজন প্রায় ৩৪৮ গ্রাম। 
 
আটক যাত্রীর নাম মিলন প্রামাণিক। পিতা আয়নাল প্রামাণিক। তার বাড়ি ফরিদপুরে। রবিবার সকাল ৬টা ৩০ মিনিটে ফ্লাইটযোগে শাহজালালে অবতরণ করেন। 
 
গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় শুল্ক গোয়েন্দার দল তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অস্বীকার করে জানান, তার কাছে স্বর্ণের বার নেই। পরবর্তীতে তার সঙ্গে থাকা জুসার ভেঙে স্বর্ণের টুকরাগুলো বের করা হয়। এরপর বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্তিতিতে ৩৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। 
 
শুল্ক গোয়েন্দাদের নজরদারি এড়াতে এই কৌশল অবলম্বন করা হয়েছে মর্মে যাত্রী জিজ্ঞাসাবাদে জানান। জিজ্ঞাসাবাদে যাত্রী জানান, তিনি একজন ওয়েজআর্নার। আটক স্বর্ণের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এই আটকের ঘটনায় শুল্ক আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই