শ্রীনগরে যুবলীগ নেতার বাড়ি থেকে ৪ জুয়াড়ি আটক

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২২:৩৫
 
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা যুবলীগের সহসভাপতি শাহিনুর আলম শাহিনের বাড়ি থেকে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার হাঁসাড়া গ্রামের ওই যুবলীগ নেতার বাড়ি থেকে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় স্থানীয় এক ইউপি মেম্বারসহ ৫/৬জন পালিয়ে যান। 
 
শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন রবিবার রাতে চারজনকে আটকের কথা স্বীকার করলেও সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের মোবাইল কোর্টে তিনজনকে হাজির করে। এসময় তিনজনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। 
 
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো যুবলীগ নেতা শাহিনুর আলম শাহিনের বাড়িতে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এএসআই ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাসাড়া গ্রামের কুজরত আলী, রিপন মণ্ডল, কালু মিয়া ও সিরাজদিখান উপজেলার চালতিপাড়া গ্রামের মহিউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই একটি চক্র থানা থেকে কুজরত আলীকে ছাড়িয়ে নেয়। পরদিন দুপুরে মোবাইল কোর্টে তিনজনকে ১শ’ টাকা করে জরিমানা করা হয়।
 
ওসি আলমগীর হোসেন বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১শ’ টাকা করে জরিমানা করা হয়। 
 
ইত্তেফাক/আরকেজি