ভোলায় জমে উঠেছে ইলিশের বাজার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৩:২৩
 
দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলায় জমে উঠেছে ইলিশের মোকাম ও বাজার। এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৩০ সেপ্টেম্বর মধ্যরাত থেকে ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত টানা ২২ দিন ইলিশ শিকার, আহরণ, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। রবিবার রাত ১২ টার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে গত ২ দিনে ফের ব্যস্ত হয়ে উঠেছে জেলে পল্লীগুলো।
 
জেলা ক্ষুদ্র মত্স্যজীবী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, টানা ২২ দিন বন্ধ থাকার পর জেলেরা এখন মাছ ধরায় ব্যস্ত। জালেও প্রচুর ইলিশ ধরা পড়ছে। ঘাটগুলোতে শত শত কেজি মাছ আসতে শুরু করেছে। আর অনেকদিন পর ইলিশের বাজার শুরু হয়োয় পর্যাপ্ত চাহিদা রয়েছে বলে তিনি জানান।
 
বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য সময়ের চেয়ে ইলিশের সরবরাহ বেশি। ক্রেতাদের আনাগোনাও প্রচুর। আর দামও আগের চেয়ে অনেক কম। ৩শ’ থেকে ৫শ’ গ্রাম ওজনের ইলিশ হালি (৪টি) বিক্রি হচ্ছে ১ হাজার টাকা, ৬শ’ থেকে ৮শ’ গ্রামের হালি ১৬শ’, ৯শ’ থেকে ১ কেজি ওজনের বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা।
 
মূলত ইলিশের মৌসুম শেষের দিকে চলে আসায় দাম কমে যাচ্ছে বলে ব্যবসায়ীরা মনে করেন। সামনের দিনগুলোতে দাম আরো কমবে বলে জানান তারা। তবে বড় ইলিশের দেখা বেশি মিলছেনা। খুচরা বাজারে ইলিশের দাম না কমায় অনেক ক্রেতাকে পাইকারী বাজার থেকে ইলিশ কিনতে দেখা গেছে। ক্রেতা-বিক্রেতাদের দর কষাকষিতে মুখর হয়ে উঠেছে ইলিশের বাজারগুলো।

ইত্তেফাক/এএম।