ভারতের মহীশুরের অষ্টাদশ শতকের শাসক টিপু সুলতান একজন নায়ক- না কি খলনায়ক ছিলেন, এ নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। মহীশুর এখন যে কর্ণাটক রাজ্যের ভেতর, সেখানে ক্ষমতাসীন কংগ্রেস মহা ধূমধামে টিপু সুলতানের জন্মদিন উদযাপন করতে চলেছে আগামী মাসে- কিন্তু বিরোধী বিজেপি তার তুমুল বিরোধিতা করছে।
IMG0
বিজেপির অভিযোগ, রাজ্যে আসন্ন ভোটের কথা মাথায় রেখে সংখ্যালঘু মুসলিমদের ভোট টানতেই কংগ্রেস টিপু সুলতানের মতো একজন ‘খলনায়কে’র জন্মদিন পালন করা হচ্ছে। কর্ণাটকের বিজেপি নেতা ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে তো টিপু সুলতানকে একজন খুনি ও ‘কুখ্যাত ধর্ষণকারী’ বলতেও দ্বিধা করেননি। টিপু সুলতান গণহারে অসংখ্য নারীকে ধর্ষণ করেছিলেন বলেও তিনি দাবি করেছেন। টিপু সুলতানের জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে স্থানীয় এমপি হিসেবে তার নাম থাকলে তিনি গিয়ে অনুষ্ঠানে বিরাট গণ্ডগোল বাঁধাবেন বলেও কেন্দ্রীয় মন্ত্রী হুমকি দিয়ে রেখেছেন।
IMG1
কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিজেপির সাবেক মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার ও দলের অন্য নেতাদের পাঁচবছরের পুরনো একটি ছবি- যেখানে তাদের টিপু সুলতানের মতো পাগড়ি পরে ও হাতে অবিকল তার ভঙ্গিতে তলোয়ার ধরে মঞ্চে ছবি তুলতে দেখা যাচ্ছে। যে দল টিপু সুলতানকে একজন দেশবিরোধী অত্যাচারী শাসক হিসেবে তুলে ধরতে চাইছে, সেই বিজেপিকে এই ছবি বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে। ‘তাহলে বিজেপি নেতারা কি পাঁচবছর আগে জানতেন না টিপু সুলতান একজন নিষ্ঠুর অত্যাচারী?’ তাদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি দীনেশ গুন্ডু রাও। বিবিসি।
ইত্তেফাক/সেতু
