ফুলবাড়ীয়ায় রোপা আমনের ব্যাপক ক্ষতি

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ০০:০১

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ১৩টি ইউনিয়নের বিস্তীর্ণ রোপা আমন ধান ক্ষেত এখন কাদা মাটির সাথে লেপটে গেছে। কৃষক রোপা আমনের ফলন অর্ধেকে নেমে আসার আশঙ্কা করছেন। মাঠ ঘুরে দেখা গেছে কৃষক তার কষ্টার্জিত কাদা পানিতে লেপ্টে যাওয়া ধান গাছ তোলার ব্যর্থ চেষ্টা করছেন।

ফুলবাড়ীয়া উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ উপজেলায় রোপা আমন রোপণ করা হয়েছে ১৯ হাজার ৭শ ৬০ হেক্টর জমিতে। সম্ভাব্য উত্পাদন ধরা হয়েছিল ৮২ হাজার ৯শ ৫০ মেঃ টন ধান। কৃষি অফিস অতি বৃষ্টি ও ঝড়ো হওয়ায় রোপা আমনের ক্ষতি হয়েছে ৩শ ৫০ হেক্টর জমির ধান।

কৃষি বিভাগ থেকে নানা ধরনের প্রণোদনা পাওয়ায় এবার কৃষকরা আমন ধান চাষে নজর দেয়। কিন্তু ধান তোলার আগ মুহূর্তে অতিবৃষ্টি কৃষকদের হতাশ করেছে। অসময়ে বৃষ্টি ও ঝড়ো হওয়ার কারণে পাকা ও আধা-পাকা ধান কাদা পানিতে লেপ্টে গেছে। কৃষক ধারণা করছে এবার ধানের চিটার পরিমাণ বেশি হবে।

সদর উপজেলার কুশমাইল ইউনিয়নের পানের ভিটা দেওনাইর পাড়ের কৃষক আবু সাইদ জানান, তার এক একর ধানের মধ্যে প্রায় সবটুকুই নুয়ে পড়েছে। ধান চিটা হওয়ার আশঙ্কা করছেন তিনি।

বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের কৃষক আব্দুস সালাম জানান, বৃষ্টির আগে রোপা আমন ধান ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়ে ছিল। পোকা তাড়াতে না তাড়াতেই অসময়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ধান গাছ কাদার সাথে লেপ্টে গেছে। আশানুরূপ ফলন থেকে এবার কৃষক বঞ্চিত হবে।  উপজেলা কৃষি অফিসার ড. নাসরিন আকতার বানু জানান, মাঠ জরিপের কাজ চলছে। তবে কিছু ক্ষতি হওয়ার কথা স্বীকার করেন তিনি।

ইত্তেফাক/নূহু