খুলনায় ট্যাংকলরি মালিক-শ্রমিকদের কর্মবিরতি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১০:৪৪
 
খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কর্মবিরতি শুরু হয়েছে। তিন দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে বেলা ১২টা পর্যন্ত।
 
খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।কর্মবিরতি চলাকালে খুলনার তিনটি জ্বালানি তেল ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন, বিক্রয় ও বিপণন বন্ধ রয়েছে। দাবি আদায়ে নগরীর খালিশপুরস্থ খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন মালিক-শ্রমিকরা।
 
খুলনা বিভাগীয় ট্যাংকলরি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করীম কাবুল বলেন, রাস্তাঘাট সংস্কার করে চলাচল উপযোগী করা, ট্যাংকলরির সামনে থাকা বাম্পার অপসরণ না করা ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করা এই তিন দফা দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি।
 
তিনি আরও বলেন, আমরা আলোচনার মাধ্যমেই সমাধান চাই বলেই দীর্ঘদিন কোনো কর্মসূচি দেইনি। খুলনা বিভাগের বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ সংস্কারের বিষয়ে সংশ্লিষ্টরা উদাসিন। বিশেষ করে নওয়াপাড়া থেকে যশোর, যশোর থেকে নড়াইল, মাগুরা, বেনাপোল এসব রাস্তার বেহাল দশা। এসব ভাঙা-চোরা রাস্তায় ঝুঁকি নিয়ে শ্রমিকরা (চালক) ট্যাংকলরি চালাচ্ছে। রাস্তার এমন করুণ অবস্থায় আমাদের পক্ষে জ্বালানি তেলের বিপণন ও পরিবহন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।  এদিকে পাম্পগুলোতে  জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় যানবাহন চালকদের তেলের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে।
 
ইত্তেফাক/জামান