জেলার আমতলী উপজেলায় চৌরাস্তায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে ট্রাক চাপায় রাসেল (২০) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে তার ভাই মাসুম (২৫)। হতাহতরা উপজেলার পূর্বচিলা গ্রামের আমজাদ খানের দুই ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলীর চৌরাস্তায় বরগুনাগামী একটি মালবাহী ট্রাক একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী রাসেল ও মাসুম গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত মাসুমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালক মো. আরিফকে (১৯) আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
