মির্জাপুরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ২২:৪৭
 
পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। মির্জাপুর উপজেলার বানাইল গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ঘাতক ছেলে ফিরোজকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
 
জানা গেছে, বানাইল গ্রামের ফটিক মিয়ার (৭০) ছেলে ফিরোজ মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত। বৃহস্পতিবার দিনমজুর বাবার সঙ্গে ফিরোজের পারিবারিক কলহ বাধে। কলহের এক পর্যায়ে ফিরোজ ঘর থেকে একটি লোহার ধারালো কুড়াল নিয়ে ফটিকের বুকে ও পিঠে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
 
আশপাশের লোকজন ঘটনাটি জানতে পেরে চারপাশ ঘেরাও করে হাতে ধারালো কুড়ালসহ ফিরোজকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে আটক ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক মিজান ও সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. শাহাদত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একেএম মিজানুল হক মিজান বলেন, মামলা প্রক্রিয়াধীন।
 
ইত্তেফাক/আরকেজি