সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার শালুয়া ভিটা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতেরা হলেন, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর (৪৫) , ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৪০) ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর (৪৫)।
পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, সদর উপজেলার ছোনগাছা বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের সভা শেষে মোটর সাইকেলযোগে কালিয়া হরিপুর ফিরছিলেন ইউপি চেয়ারম্যান সবুর ও তার সহকর্মীরা। তিনি শালুয়া ভিটা বাজার এলাকায় পৌঁছলে এক দল দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানিয়েছেন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
