আড়াইহাজারে ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক খুন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৫:০৮
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছুরিকাঘাতে সাগর মিয়া (৩৫) নামক এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর-চালকচর গ্রামে এই ঘটনা ঘটে।
 
নিহত শ্রমিক ফেনী জেলার মজলিশপুর গ্রামের মৃত কাজামত ওরফে কাজলের ছেলে।
 
আড়াইহাজার থানার ওসি এমএহক জানান, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন মানিকপুর থেকে দয়াকান্দা পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মাণের কাজ চলছে। এতে ৭/৮ জন শ্রমিক কাজ করছে। তারা রাস্তার পাশেই থাকতো। শুক্রবার রাতে কয়েকজন মিলে তাস খেলছিল। এই নিয়ে নিহত সাগর ও সুমন মিয়ার মধ্যে তর্কবিতর্ক হয়। পরে শনিবার  সকাল ১০টার দিকে দোকানে চা খেতে গেলে সুমন আবারো তর্কে জড়িয়ে সাগরকে ছুরি দিয়ে সজোরো আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাগর মারা যান। সুমন মিয়ার বাড়ি নোয়াখালী জেলার কবির হাট গ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম।
 
ওসি আরো জানান, সুমনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান