একুশ শতকের উপযোগী শিক্ষক-শিক্ষার্থী গঠনে কাজ করে যাচ্ছে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রধানমন্ত্রীর কার্যালয়। এ লক্ষে ‘আমার জেলা আমার অহংকার’ স্লোগানে প্রতিটি জেলা ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকার কলাবাগান লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘ঢাকা জেলা অ্যাম্বাসেডর’ দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ধানমন্ডি শিক্ষা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাহহার, একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তার। ঢাকা জেলা অ্যাম্বাসেডর এসোসিয়েশনের আহ্বায়ক খাইরুল আলম এ বৈঠকের সভাপতিত্ব করেন। সদস্য সচিব সৈয়দ মাহাবুব হাসান আমিরী সঞ্চালনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, অ্যাম্বাসেডর ইসমত আরা মমতাজ, মাহফুজুর রহমান, গাজি সালাহ উদ্দিন, আতাউর রহমান আতিক, কানিজ ফাতেমা, শফিকুল ইসলাম দুলাল, পল্লব কুমার ভৌমিক প্রমুখ।
IMG0
একুশ শতকের উপযোগী শিক্ষক-শিক্ষার্থী গঠনে নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে একসেস টু ইনফরমেশন। শিক্ষকদের যুগোপযোগী করতে তৈরি করা হয়েছে শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠ। ডিজিটাল কনটেন্ট তৈরিতে পারদর্শী করতে দেয়া হয়েছে পর্যাপ্ত প্রশিক্ষণ। মুক্তভাবে যখন যেখানে খুশি বসে ট্রেনিং নেয়ার সুযোগ তৈরি করে সাজানো হয়েছে মুক্তপাঠ।
শিক্ষার্থীদের সৃজনশীল, মননশীল, বিজ্ঞান মনস্ক ও দেশপ্রেম আর সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করতে তৈরি করা হয়েছে কিশোর কানেক্ট- যাকে কিশোর বাতায়ন বলা হয়। কিশোর বাতায়নে এ পর্যন্ত ৫০ হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে। বর্তমানে স্কুল-কলেজ গুলোতে পরীক্ষা থাকায় কিশোর কানেক্ট এর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে প্রায় সারাদেশের জেলা প্রশাসকদের সম্পৃক্ত করা হয়েছে কিশোর বাতায়নের গুরুত্ব অনুধাবনের জন্য। সারাদেশে জেলা ওয়ারি প্রায় ৫৪০ জন জেলা অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে। জেলা অ্যাম্বাসেডররা নিজ নিজ জেলার অহংকারের বিষয়গুলো চিহ্নিত করছেন।
আমাদের দেশে রয়েছে প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। এটুআই আমাদের নতুন প্রজ্ঞকে নিজ জেলার অহংকারের বিষয়ে ধারণা দেয়ার পাশাপাশি সমগ্র দুনিয়াকে আমাদের দেশের অহংকারের বিষয়গুলোকেও জানাতে চান। এ জন্য ‘আমার জেলা আমার অহংকার’ এই স্লোগানে প্রতিটি জেলা ব্র্যান্ডিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/ইউবি
