বিবিসি
ভারতীয় শিখ পুণ্যার্থীদের জন্য পাকিস্তানে শিখদের পবিত্র উপাসনাস্থল গুরুদুয়ারা দরবার সাহিব কর্তারপুরে যাতায়াতের পথ সুগম করতে সীমান্তে নতুন রাস্তা বানাতে রাজি হয়েছে দিল্লি ও ইসলামাবাদ।
পাকিস্তান তাদের অংশে এ নতুন করিডোর নির্মাণের কাজ এ মাস শেষেই শুরু করতে পারে। তবে ভারতের অংশে কখন কাজ শুরু হবে তা এখনো ঘোষণা করা হয়নি। ভারত জানিয়েছে, তারা পুরোপুরি তাদের খরচেই এ রাস্তা তৈরি করবে। পাকিস্তান জানিয়েছে, তারাও একইভাবে তাদের অংশে কাজ করবে। পাক-ভারত আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় পাকিস্তানের ভেতরে পড়ে কর্তারপুর। প্রতি বছর ভারত-পাকিস্তান দু’দেশেরই হাজারো শিখ পুণ্যার্থী দরবার সাহিব কর্তারপুরে প্রার্থনা করতে যান। সেখানে গুরু নানক জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন বলে জনশ্রুতি আছে। আর সে কারণেই শিখ সম্প্রদায়ের কাছে জায়গাটি অত্যন্ত পবিত্র। সেই গুরুনানকের ৫৫০-তম জন্মবার্ষিকীকে সামনে রেখে শিখদের যাতায়াত সহজ করতে দু’দেশ সীমান্তে করিডোর গড়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে পাঞ্জাবের গুরদাসপুর জেলার ডেরা বাবা নানক থেকে আন্তর্জাতিক সীমান্ত পর্যন্ত রাস্তা তৈরি করা হবে। আর পাকিস্তানের অংশে করিডোর হবে গুরুদুয়ারা দরবার সাহিব কর্তারপুর থেকে।
