ম্যানইউকে সমীহ বার্সার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২১:৩৫

সাহসী আয়াক্সের সামনে জুভেন্তাস

স্পোর্টস ডেস্ক

শিরোপা পুনরুদ্ধারের মিশনে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে দারুণ উদ্দীপ্ত ম্যানচেস্টার ইউনাইটেডের আতিথ্য গ্রহণ করবে আজ। আগের রাউন্ডেই রিয়াল মাদ্রিদকে হতভম্ব করে কোয়ার্টার ফাইনালে আসা আয়াক্স আমস্টারডাম প্রতিযোগিতার অন্য ম্যাচে ঘরের মাঠে শিরোপা প্রত্যাশী জুভেন্তাসের মুখোমুখি হবে।

সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে বেশ বিপর্যস্ত থাকলেও নতুন কোচ ওলে গুনার সোলসার যেন নতুন উদ্দীপনা সঞ্চার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে। তার ছোঁয়ায় বদলে যাওয়া দলটি বেশ কিছু অবিশ্বাস্য কীর্তি গড়েছে যার শেষটি এসেছে চ্যাম্পিয়ন্স লিগের আগের রাউন্ডেই।

পিএসজির বিপক্ষে শেষ ষোলয় নিজেদের মাঠে ২-০ গোলের হারের পর ফিরতি লেগে ৩-১ গোলের অবিশ্বাস্য এক জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে আসে তারা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বে কোনো দলই ঘরের মাঠে দুই বা ততোধিক গোলে হারের পর সে ঘাটতি পোষাতে পারেনি। এমন অসাধ্য সাধনের পর দারুণ আত্মবিশ্বাসী ম্যানইউ আজ নিজেদের মাঠে বার্সাকে আতিথ্য দিতে যাচ্ছে। ম্যাচটির আগে কোচ সোলসার জানালেন দলের বিশেষ উদ্দীপনার কথা। তিনি বলেন, ‘আমরা ভালো প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি কিন্তু আমার দলের খেলোয়াড়দের মধ্যে বিশেষ কিছু আছে। দারুণ এক দ্বৈরথ হতে যাচ্ছে এটি।’

ইতিহাস দেখাচ্ছে বার্সা এমন দলের বিপক্ষে বরাবরই পা হড়কেছে। ২০১৬-১৭ আসরে ম্যানচেস্টার সিটির, পিএসজি ও জুভেন্তাসের মাঠে যথাক্রমে ৩-১, ৪-০ ও ৩-০ ব্যবধানের হার, কিংবা এর গেল মৌসুমে রোমার মাঠে ৩-০ গোলের হার তাই বলছে। ইউনাইটেডও ঠিক একই মানের উদ্দীপনা নিয়ে নামছে বলে দলটিকে সমীহই করলেন দলের মিডফিল্ডার ইভান রাকিটিচ।

ক্রোয়েশীয় এই খেলোয়াড় বলেন, ‘আমরা জানি সামপ্রতিক সময়ে তারা কেমন খেলছে। এটাও জানি যে, এই মুহূর্তে ইংলিশ দলগুলো দারুণ ছন্দে আছে। ইউনাইটেড ইদানিং ভালো ফলাফল করছে আর প্যারিসে তিন গোল করেছে তারা যা অবিশ্বাস্য। এই প্রত্যাবর্তনের জন্য ম্যানইউকে সম্মান জানাতেই হবে আপনার।’

বরাবরের মতোই এমন মুহূর্তে দলকে আশার আলো দেখাচ্ছেন লিওনেল মেসি। ইংলিশ প্রতিপক্ষের মুখোমুখি ২৯ ম্যাচে ২২ গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ছয়টি। ইউনাইটেডের বিপক্ষে করা দুটি গোলই এসেছিল চ্যাম্পিয়ন্স লিগের দুটি ভিন্ন ফাইনালে। ওল্ড ট্র্যাফোর্ডে আজ রাতেও এ ধারা ধরে রাখতে নিশ্চিতভাবেই চাইবেন বার্সা অধিনায়ক। এই ম্যাচকে সামনে রেখে ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন উইঙ্গার উসমান দেম্বেলে। তবে মেডিক্যাল দল থেকে এখনো সবুজ সংকেত পাননি তিনি। 

জুভেন্তাস প্রতিযোগিতার অন্য ম্যাচে আজ আয়াক্সের মুখোমুখি হতে যাচ্ছে। শেষ ষোলয় প্রথম লেগ শেষে দুই দলই ছিল খাদের কিনারায়। সেখান থেকে দারুণভাবে ফিরেই শেষ আটে এসেছে জুভেন্তাস ও আয়াক্স। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় এই ম্যাচের আগে জুভেন্তাসের সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে রোনালদোর চোট। গেল মাসের শেষে পর্তুগালের হয়ে ইউরো ২০২০ বাছাইতে পাওয়া চোটটি এখনো সেরে ওঠেনি। তবে মেডিক্যাল দলের বেঁধে দেয়া তারিখ শেষ হওয়ার কথা আজই। সেক্ষেত্রে প্রতিপক্ষের মাঠে আজকের দ্বৈরথে নামতে বাধা থাকার কথা নয় জুভেন্তাস তারকার।