যে কোনো মূল্যে মাদক ও সন্ত্রাস রোধ করতে হবে : মনিরুল ইসলাম

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৯:৩৮
 
যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, সন্ত্রাস ও মাদক পরিবার, সমাজ, রাষ্ট্রের চরম ক্ষতি করে। তাই যে কোনো মূল্যে সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধ করতে হবে। 
 
শনিবার সকালে যশোরের চৌগাছা থানা চত্ত্বরে ‌‘কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
তিনি আরো বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ’এই দর্শনকে যথাযথভাবে কাজে লাগিয়ে জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক  সহযোগিতার মাধ্যমে দেশের জন্য কাজ করতে হবে। 
 
চৌগাছা থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌগাছা থানার সেকেন্ড অফিসার মো. আকিকুর রহমান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন থানা পুলিশিং কমিটির সভাপতি ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান। 
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদুর রহমান তৌহিদ, চৌগাছা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম মিয়া, থানা পুলিশিং কমিটির সহ-সভাপতি ও ১ নম্বর ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান কবির প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি