মৃত্যুর নয়মাস পর কবর থেকে কৃষকের লাশ উত্তোলন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ২২:৫৯
 
বদরগঞ্জে মুত্যৃর নয় মাস পর আদালতের নির্দেশে রমজান আলী (৫০) নামে এক কৃষকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। শনিবার সন্ধ্যার আগে উপজেলার রাধানগর ইউনিয়নের পলিপাড়া গ্রামের কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত। 
 
গ্রামবাসী ও বদরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ জানুয়ায়ি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রমজান আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই সময় হার্টএ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা মৃত্যু সনদে উল্লেখ করেন। কিন্তু দাফনের ছয়মাস পর গত ৭ আগস্ট রমজান আলীর বড়ভাই ইসাহাক আলী সরকার ১২শতক আবাদি জমি নিয়ে প্রতিপক্ষের মারপিটে রমজানের মৃত্যু হয়েছে-এমন অভিযোগ তুলে রংপুরের আদালতে (বদরগঞ্জ) হত্যা মামলা দায়ের করেন। এতে এলাকার ২৭জনকে আসামি করা হয়। এরপর আদালতের নির্দেশে গত ১৩ আগস্ট বদরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করেন ওসি আখতারুজ্জামান প্রধান।
 
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহীনুর আলম বলেন, আদালতের নির্দেশে শনিবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে রমজান আলীর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি